ভারতীয় ট্রাকে মিলল এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড প্লেট
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বেনাপোল আইসিপির মেইন গেটে ভারতীয় ট্রাকে তল্লাশি শেষে তাদের আটক করা হয়। আটক দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার চন্দ্রশিকড় ওয়ার্ডের জাস পাল সালুজার ছেলে ট্রাকচালক গুরজীত সালুজা (৩১) ও ট্রাকটির হেল্পার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার চন্দ্রশিকড় ওয়ার্ডের মালকিয়া নাওয়াদির ছেলে রাম দাস নাওয়াদি (২৪)।
বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার ১৮/৩ এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ট্রাক (নং CG04PU5288) তল্লাশি করা হয়। এ সময় কাঁচা মরিচবাহী ট্রাক থেকে অস্ত্র সদৃশ এয়ার পিস্তল ও প্লেট উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে যশোর ঝুমঝুমপুর বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে CG04PU5288 নম্বরের ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি এয়ার পিস্তল ও কিছু গুলি জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অস্ত্র বা এ ধরনের পণ্য আনার চেষ্টা বরদাস্ত করা হবে না। আটক ব্যক্তিদের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন শত শত ভারতীয় ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করে। তবে অস্ত্র বা অবৈধ মালামাল প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থান বজায় রাখছে।
0 মন্তব্যসমূহ